যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে পাঠিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ PM ৮৩
টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে পাঠিয়েছে পুলিশ

টঙ্গীতে গ্রেপ্তার আওয়ামী লীগের তিন নেতাকর্মী। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও টঙ্গী বাজার এলাকার বাসিন্দা ওসমান আলী (৬৭), এরশাদ নগর এলাকার যুবলীগ নেতা মনির হোসেন ওরফে হোসেন (৪৫) এবং ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী নজরুল ইসলাম (৩৬)।

পুলিশের তথ্য অনুযায়ী, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানের এক পর্যায়ে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) বিশেষ অভিযানে প্রবীণ আওয়ামী লীগ নেতা ওসমান আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি এলাকাভিত্তিক নেতাকর্মীদের সংগঠিত করে মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!