যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ ১৯ সেপ্টেম্বর, যোগ হলো নতুন দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ PM ৬১
রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ ১৯ সেপ্টেম্বর, যোগ হলো নতুন দাবি

ছবি:সংগৃহীত

চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই কর্মসূচি শুরু হবে। পথে পাঁচটি স্থানে পথসভা শেষে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ করার পরিকল্পনা রয়েছে জোটের।

রোববার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচির বিস্তারিত জানান লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে উদ্বোধনী কর্মসূচি শেষ হবে সকাল ৮টার দিকে। এরপর গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করবে জোটটি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান হামিদুর রহমান আযাদ।

নতুন দাবি যুক্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জোটের ঘোষিত ছয় দফা এখন সাত দফায় রূপ নিয়েছে। নতুন দাবিতে দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

হামিদুর রহমান আযাদের অভিযোগ, দেশে দুর্নীতি ও দখলদারিত্বের পাশাপাশি চাঁদাবাজিও বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে ১১ দলীয় জোট।

জোটের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সংসদে ১১ দলের প্রতিনিধিরা জনস্বার্থ, জনগণের অধিকার, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও তাঁরা ভূমিকা রাখছেন বলে দাবি করেন তিনি।

জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, তেল ও গ্যাসের সংকট সমাধানে সরকারকে একাধিকবার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

তিনি বলেন, সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে একটি টাস্কফোর্স বা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে বিরোধী পক্ষের কাছ থেকে ১০টি প্রস্তাব দেওয়া হলেও সেগুলো সরকার যথাযথভাবে বিবেচনা করেনি বলে অভিযোগ করেন তিনি।

১১ দলীয় জোট ১১ দলের সাত দফা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!