যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

দু-একটি ঘটনার জন্য পুরো আলেম সমাজকে দোষী করা ঠিক নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ PM ২৪
দু-একটি ঘটনার জন্য পুরো আলেম সমাজকে দোষী করা ঠিক নয়: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন।

মুফাসসিরদের দায়িত্বের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর কালাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আমলের দিকে মানুষকে আহ্বান করার আগে নিজের আমল ও আচরণ নিয়ে আত্মপর্যালোচনা করা প্রয়োজন। তাফসিরের আসনে বসে এমন বক্তব্য দেওয়া উচিত নয়, যা বক্তার নিজের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, অন্যদের সঠিক পথে আহ্বান করার আগে নিজেদের সেই অনুযায়ী আমল করতে হবে। নিজের জীবন ও চরিত্রের সঙ্গে বক্তব্যের মিল থাকলেই অন্যকে সে বিষয়ে আহ্বান করার নৈতিক অধিকার তৈরি হয়।

জামায়াত আমির একই সঙ্গে মাদরাসা, খানকা, মারকাজ, আলিয়া ও কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরের দুর্বলতাগুলোও চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। তবে এসব প্রতিষ্ঠানকে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি তুলনা না করার আহ্বান জানান তিনি।

আলেম সমাজের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো ওলামা সমাজকে দায়ী করা ঠিক নয়। মাদরাসা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও একইভাবে সামগ্রিকভাবে বিচার না করে নির্দিষ্ট দুর্বলতা চিহ্নিত করা প্রয়োজন।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় ডা. শফিকুর রহমান চরিত্র ও ব্যক্তিগত আচরণের বিষয়টিও তুলে ধরেন। তাঁর মতে, যাদের চরিত্র ভালো, তাদের সামান্য ত্রুটিও সহজে চোখে পড়ে। তাই এ ক্ষেত্রে সবাইকে সতর্ক ও আত্মসচেতন থাকার প্রয়োজন রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!