ভারতের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনাকে গুরুত্ব না দিয়ে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ রাখার কথা জানিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। ওয়ানডে পরিকল্পনায় তাকে না রাখার নির্বাচকদের সিদ্ধান্তে শুরুতে ক্ষুব্ধ হলেও পরে তা মেনে নেন তিনি।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরের সময় ভারতীয় নির্বাচক কমিটি রোহিতকে জানায়, ভবিষ্যতের ওয়ানডে পরিকল্পনায় তাকে রাখা হচ্ছে না। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়ার পরিকল্পনাই ছিল নির্বাচকদের।
তবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার আগ্রহ ছিল রোহিতের। সে কারণে নিজের ফিটনেস ধরে রাখার দিকেও মনোযোগী ছিলেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। নির্বাচকদের সিদ্ধান্তে অসন্তোষ তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি তা মেনে নেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
এরপর রোহিতের অবসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এমনকি ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেকেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে দেখা হতে পারে—এমন খবরও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া সেই দাবি নাকচ করেন।
সাইকিয়া জানান, দলের পরিকল্পনার অংশ হিসেবে যতদিন রোহিত থাকবেন, ততদিন ভারতের হয়ে খেলে যাবেন তিনি। এর মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের একটি দুর্দান্ত সেঞ্চুরি তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া আলোচনাকে অনেকটাই আড়ালে ঠেলে দেয়।
রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে নিজের অবস্থান স্পষ্ট করে রোহিত বলেন, ভবিষ্যৎ নিয়ে চলা এসব আলোচনা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তার কাজ ব্যাট হাতে মাঠে নামা, দেশের হয়ে খেলা এবং দলের সাফল্যে অবদান রাখা।
রোহিতের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় থেকেই তাকে ঘিরে নানা ধরনের আলোচনা চলে আসছে। যতদিন তিনি ক্রিকেটে থাকবেন, এমন আলোচনা চলতেই থাকবে। তাই এসব নিয়ে না ভেবে মাঠে নিজের দায়িত্ব পালনের দিকেই মনোযোগ দিতে চান তিনি।
রোহিত শর্মা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!