যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ, বিশ্বকাপের দরজা খোলা

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ PM ৪২
মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ, বিশ্বকাপের দরজা খোলা

জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সম্ভাবনাও টিকে থাকল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল নয়, হকি খেলেছে বাংলাদেশের মেয়েরা। তবে প্রথম দুই কোয়ার্টারে বেশ কিছু আক্রমণ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি।

তৃতীয় কোয়ার্টারে সেই অপেক্ষার অবসান ঘটে। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। এরপর শেষ কোয়ার্টারে ব্যবধান বাড়ান কনা আক্তার। তার ফিল্ড গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে অবশ্য চাপ বাড়ায় মালয়েশিয়া। ৫৯ মিনিটে একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে তারা। তবে শেষ মুহূর্তে আর সমতা ফেরাতে পারেনি মালয়েশিয়া। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ওই পরাজয়ের ফলে সরাসরি জুনিয়র বিশ্বকাপে যাওয়ার সুযোগ হারায় দলটি। কারণ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে অন্তত সেমিফাইনালে উঠতে হতো বাংলাদেশকে।

তবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় পাওয়ায় বিশ্বকাপে খেলার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এশিয়া মহাদেশ থেকে আরও একটি দল সুযোগ পাবে।

বাংলাদেশ যেহেতু এবারের জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়েছে, আয়োজক দেশ ভারত সরাসরি বিশ্বকাপে জায়গা পেলে সেই অতিরিক্ত সুযোগ বাংলাদেশের সামনে আসতে পারে। ফলে সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারলেও বিশ্বকাপের দরজা পুরোপুরি বন্ধ হয়নি বাংলাদেশের মেয়েদের জন্য।

জুনিয়র এশিয়া কাপ হকি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!