যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

ফিফার তহবিল অপব্যবহারে দুই সাবেক ফুটবল সভাপতি আজীবন নিষিদ্ধ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM ৪৮
ফিফার তহবিল অপব্যবহারে দুই সাবেক ফুটবল সভাপতি আজীবন নিষিদ্ধ

নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও করেছে ফিফা। ছবি: সংগৃহীত

ফিফার অর্থ ব্যবহারে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মন্টসেরাট ও মালদ্বীপ ফুটবল ফেডারেশনের দুই সাবেক সভাপতিকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিষেধাজ্ঞার আওতায় পড়া দুজন হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।

ফিফার শুক্রবারের বিবৃতি অনুযায়ী, দুজনকেই ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ১০ লাখ সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে।

মন্টসেরাটের সাবেক সভাপতি ক্যাসেলের বিরুদ্ধে একাধিক ধরনের অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ফিফার সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে পদের অপব্যবহার, নিয়মতান্ত্রিক স্বার্থের সংঘাত এবং ফিফা ও মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের তহবিল ব্যবহারে অনিয়মের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের কর্মীদের শারীরিক ও মানসিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ক্যাসেলের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নিয়েছিল ফিফা। ২০১১ সালে ক্যারিবীয় ফুটবলে আলোচিত নির্বাচনী ঘুষ কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন ফিফা নৈতিকতা কমিটি তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। কাতারের মোহাম্মদ বিন হাম্মামের ফিফা সভাপতি নির্বাচনের প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট ওই ঘটনায় ক্যারিবীয় অঞ্চলের কয়েকজন ফুটবল কর্মকর্তাকে ৪০ হাজার ডলার করে নগদ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই শাস্তির পরও ক্যাসেল দীর্ঘ সময় মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিলেন।

অন্যদিকে, বাসাম আদিল জালিলের বিরুদ্ধে ফিফার কোভিড-১৯ ত্রাণ তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত ফুটবল খাতকে সহায়তা করতে অনুদান ও ঋণের মাধ্যমে সর্বোচ্চ ১৫০ কোটি ডলার দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল ফিফা।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জালিল ফিফার কাছ থেকে পাওয়া অর্থ নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করে একটি অ্যাপার্টমেন্ট কেনার কাজে ব্যবহার করেছিলেন। এ ঘটনায় তিনি কারাদণ্ডও ভোগ করছেন। ফিফার নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।

জালিলের ঘটনায় আরও একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ফিফা। মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক অর্থ ও প্রশাসন পরিচালক মোহাম্মদ আগিলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিফার অর্থের অপব্যবহার সহজ করা ও তা আড়াল করা, জাল নথি ব্যবহার এবং ফিফার স্বাধীন নৈতিকতা কমিটির তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

মন্টসেরাটের ঘটনায় ক্যাসেলের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক তানডিকা হিউজের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফা ও মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ নিয়ে অনিয়মিত লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়া এবং এ ধরনের কর্মকাণ্ডে সহায়তার দায়ে তাঁকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

ফিফা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!