যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ PM ৬৪
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ইংল্যান্ড; ছবি: সংগৃহীত

ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। এই ফলের পর ভারতকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান ফিরে পেয়েছে তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সের পুরস্কার পেল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংলিশরা। ম্যানচেস্টারে শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে ভারতকে দুই নম্বরে ঠেলে দিয়েছে তারা।

কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল ভারত। তবে ইংল্যান্ডের সিরিজ জয়ের ফলে সেই অবস্থান ধরে রাখতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমে ব্যাট করে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জস বাটলার। ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন বাটলার। ব্রুক করেন ৩৩ রান।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারানোর মধ্য দিয়ে নিজেদের সাম্প্রতিক সাফল্যও ধরে রেখেছে দলটি। সর্বশেষ ২৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়াকে দলের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আবারও বিশ্বের এক নম্বর হওয়া অসাধারণ এক অর্জন। এ জন্য দলের প্রত্যেকেরই গর্বিত হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে, বিশেষ করে যারা খুব বেশি খেলার সুযোগ পায়নি।’

সিরিজজুড়ে ব্যাট হাতে দারুণ ছিলেন ব্রুক। তিন ম্যাচে তার সংগ্রহ ১৭০ রান। ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিয়মিত খেললেও জাতীয় দলের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। এ কারণেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নেন না বলেও উল্লেখ করেন ইংলিশ অধিনায়ক।

অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে না পারায় হতাশ শ্রীলঙ্কা। এই সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় দলটি। আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।

শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা স্বীকার করেছেন, দুই বিভাগেই দলটির পারফরম্যান্স হতাশাজনক ছিল। তার ভাষায়, টি-টোয়েন্টিতে বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে নিজেদের অবস্থান বুঝতে এই সিরিজ শ্রীলঙ্কার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে এসেছে।

শ্রীলঙ্কা ইংল্যান্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!