যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

এনামুলের ঘূর্ণি, রাহির নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ PM ৪৪
এনামুলের ঘূর্ণি, রাহির নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ

ভারতের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ছবি: সংগৃহীত

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শারজায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ম্যাচে ভারত চ্যাম্পিয়ন্সকে ৩ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। শেষ ওভারে চাপ সামলে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবু জায়েদ রাহি।

বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ১৪.৫ ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। তখন বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু পবন নেগি ও পীযুশ চাওলার পাল্টা লড়াইয়ে ম্যাচে আবারও উত্তেজনা ফিরে আসে। শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন দাঁড়ায় ২৪ রান। ১৯তম ওভারে কামরুল ইসলাম রাব্বির ওভার থেকে ১২ রান তুলে ভারত ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে।

শেষ ওভারে ভারতের সামনে ছিল ১২ রানের সমীকরণ, হাতে ছিল দুই উইকেট। আবু জায়েদ রাহি চাপের মুখে বোলিং করে এক ওয়াইডসহ মাত্র ৮ রান দেন। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানে থামে ভারতের ইনিংস। ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ভারতের হয়ে শেষদিকে লড়াই চালিয়ে যান পবন নেগি ও পীযুশ চাওলা। নেগি ১৪ বলে এক চার ও দুই ছক্কায় অপরাজিত ২৬ রান করেন। চাওলার সংগ্রহ ১৮ বলে অপরাজিত ২৪। একই রান করেন ঋষি ধাওয়ানও। তবে ওপেনিংয়ে নেমে ইরফান পাঠানের ৫৭ বলে ২৪ রানের ধীরগতির ইনিংস ভারতের রান তাড়াকে কঠিন করে তোলে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। প্রথম ছয় ওভারে ৪ উইকেট হারালেও স্কোরবোর্ডে জমা হয় ৫৭ রান। তবে পরের দিকে সেই গতি ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ ও নাসির হোসেনরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। মাত্র ২৫ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। নাসির হোসেন করেন ২১ বলে ২৪ রান। আরাফাত সানির ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৭ রান। ভারতের হয়ে পীযুশ চাওলা ও পবন নেগি তিনটি করে উইকেট নেন বলে স্কোরকার্ডে উল্লেখ রয়েছে।

এই জয়ের পর চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট। তবে ছয় দলের প্রতিযোগিতায় নেট রানরেট -১.০৫১ থাকায় পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানেই রয়েছে দলটি। ভারতেরও চার ম্যাচে ২ পয়েন্ট, তবে তাদের নেট রানরেট +০.১২৪। তিন ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্টসহ শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শারজায়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!