যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

রংপুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫৮ PM | সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫৯ PM ৭৩
রংপুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

রংপুরের গঙ্গাচড়ায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর শনিবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোখলেছুর রহমান উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এলাকার একটি বটগাছের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই মোখলেছুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে। ওসি আব্দুস সবুর জানান, শুক্রবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

পুলিশের ধারণা অনুযায়ী, রাত ৮টা থেকে ১০টার মধ্যে সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়। তবে হত্যার সঙ্গে কারা জড়িত এবং ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ওসি জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় হত্যার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!