ছবি:সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার শফিক মিয়ার ছেলে।
নিহতের চাচা আব্দুল কাদিরের ভাষ্য, প্রতিদিনের মতো রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে যান। সেখানে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে দাবি করেন তিনি।
গুলিতে আহত হয়ে সোহাগ সীমান্ত এলাকায় পড়ে ছিলেন। পরে তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে আব্দুল কাদিরসহ কয়েকজন সীমান্ত এলাকায় সোহাগকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজির জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সোহাগ মিয়া নিহত হয়েছেন।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ ও পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য পাওয়া যায়নি।
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি সীমান্তে বাংলাদেশি নিহত ভারত বাংলাদেশ সীমান্ত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!