যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

বগুড়ার ড্রেনে মিলল ৩৪০ রাউন্ড গুলি, উৎস খুঁজছে পুলিশ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM ৯৭
বগুড়ার ড্রেনে মিলল ৩৪০ রাউন্ড গুলি, উৎস খুঁজছে পুলিশ

সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের সময় কাদা-পানির মধ্যে পড়ে থাকা ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ছবি: সবুজ নিশান

বগুড়া শহরের সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের সময় বিপুলসংখ্যক গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিলা স্কুলসংলগ্ন একটি ড্রেন থেকে মোট ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলিগুলো কীভাবে সেখানে এলো এবং এর উৎস কোথায়, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে ড্রেন সংস্কারের জন্য মাটি খননের সময় কাদা ও পানির মধ্যে গুলিগুলো দেখতে পান সেখানে কাজ করা শ্রমিকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বগুড়া সদর থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে জিলা স্কুলের পাশে ড্রেন সংস্কারের কাজ চলছিল। পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করার লক্ষ্যে প্রায় এক মাস ধরে ওই এলাকায় সংস্কারকাজ চলছে। কাজের একপর্যায়ে ড্রেনের ভেতরে গুলিগুলো দেখতে পান শ্রমিকরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে। তবে এগুলো ঠিক কখন বা কীভাবে ড্রেনের ভেতরে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের সময় অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট হয়েছিল। ড্রেন থেকে উদ্ধার হওয়া গুলিগুলো ওই সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশের ধারণা, লুটের পর কোনো একসময় গুলিগুলো ড্রেনের মধ্যে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে উদ্ধার হওয়া গোলাবারুদ সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলিরই অংশ কি না, তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া গুলিগুলোর পরিচয় ও উৎস শনাক্তের পাশাপাশি এগুলো কারা এবং কী উদ্দেশ্যে ড্রেনের মধ্যে রেখে গিয়েছিল, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বগুড়া সাতমাথা গুলি উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!