যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০১:৫৯ PM ৪০
নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও চার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনকে মাদক কারবারি এবং ১৯ জনকে মাদকসেবী হিসেবে জানিয়েছে পুলিশ।

রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় পৃথক ১৮টি অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বেগমগঞ্জ মডেল থানার পৃথক অভিযানে ১১২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে সাজা দেওয়া হয়। সেনবাগ থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তারের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, সোনাইমুড়ী থানার অভিযানে দুই গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। কবিরহাট থানা এলাকায় আরও দুই গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে অভিযানের বিষয়টি জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। তিনি বলেন, মাদক কারবার, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগও অব্যাহত থাকবে।

নোয়াখালী মাদক ইয়াবা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!