যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে রাতভর অভিযান, মিলল বিপুল বিদেশি সিগারেটসহ নানা পণ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:২৫ PM ৪৭
শাহজালাল বিমানবন্দরে রাতভর অভিযান, মিলল বিপুল বিদেশি সিগারেটসহ নানা পণ্য

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। রোববার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটে পরিচালিত এসব অভিযানে মোট ৬২৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে নজরদারি চালানো হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় মো. হিমেলের ব্যাগ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। একই ফ্লাইটের যাত্রী শারমিন আক্তারের ব্যাগেজ থেকেও উদ্ধার করা হয় আরও ২৭০ কার্টন সিগারেট। এই অভিযানে জব্দ পণ্যের মোট মূল্য ধরা হয়েছে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা।

পরে সি-শিফটের কর্মকর্তারা দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে তল্লাশি চালান। ওই ফ্লাইটের যাত্রী মহাথে হাসান বাবুর ব্যাগ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী সোহদুল হাসান শাকিলের ব্যাগেজে পাওয়া যায় ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম এবং ৩ কেজি জর্দা।

এ ছাড়া কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। সি-শিফটের পুরো অভিযানে ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার বিদেশি লিকার উদ্ধার হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, দুই শিফটে পরিচালিত অভিযানের হিসাব মিলিয়ে মোট ৬২৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এর সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার। সব মিলিয়ে জব্দ পণ্যের মূল্য প্রায় ২৮ লাখ টাকা।

তবে এসব পণ্য কেন বা কী উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!