যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ের

মোগরাপাড়া চৌরাস্তার পাশে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM ৮৯
মোগরাপাড়া চৌরাস্তার পাশে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ ১২ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছিলেন। তার দাবি, এসব স্থাপনা থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছিলেন।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অবৈধ দোকান ও স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে নিয়মিত যানজট তৈরি হচ্ছিল। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মামুন সরকার বলেন, অভিযানে মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা ১২ শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় সোনারগাঁ থানা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিসের সদস্য এবং মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

অবৈধ স্থাপনা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!