যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা, আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ PM ৫২
পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা, আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজকের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থার তথ্যে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম-পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ কারণে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতও রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। সেখানে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ঢাকায় শুক্রবার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।

বৃষ্টির পূর্বাভাস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!