দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউএনওর সরকারি জিপ ও কাভার্ড ভ্যান। ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে বহনকারী সরকারি জিপের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইউএনওসহ জিপে থাকা তিনজন বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে সংঘর্ষে দুই যানবাহনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ির কাছে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও মো. মেহেদী হাসান মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তার সরকারি জিপটি মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬ নম্বরের কাভার্ড ভ্যানের সঙ্গে হবিগঞ্জ-১৬-১০৬৮ নম্বরের সরকারি জিপটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ইউএনওকে বহনকারী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। একই সময় জিপটির পেছনে থাকা ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪ নম্বরের একটি প্রাইভেটকারও দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত হেলপার মানিক মিয়া মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!