যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ PM ৬১
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে নির্ধারিত সময়ের আগেই সার বিতরণ শেষ হয়ে যাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজার (বিএস) রফিকুল ইসলামকে ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখা হয়।

শুক্রবার সকাল ৮টায় বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে অতিরিক্ত বরাদ্দের সার বিতরণের কথা ছিল। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই ডিলার সার বিতরণ শুরু করেন এবং সকাল ৮টার আগেই বরাদ্দের সার শেষ হয়ে যায়। পরে সার নিতে আসা কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিএস রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করেন।

সারের দাবিতে কৃষকরা মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুদামের সামনে পুলিশ মোতায়েন করা হয়।

প্রায় সাড়ে চার ঘণ্টা পর দুপুরের দিকে পুলিশি নিরাপত্তায় রফিকুল ইসলামকে গুদাম থেকে উদ্ধার করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। পরে তাকে ইউএনওর গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

বিএস রফিকুল ইসলাম জানান, ওই ডিলারের গুদাম থেকে ৮০ বস্তা সার বিতরণ করা হয়েছে। তার দাবি, সকাল সাড়ে ৭টা থেকে বিতরণ শুরু হয় এবং কার্যক্রম সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল। তবে বিতরণ শেষ হওয়ার পর কয়েক শ কৃষক সেখানে এসে পরিস্থিতি উত্তপ্ত করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার জানান, সারের দাবিতে কয়েকজন কৃষক সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মাসভিত্তিক সারের বরাদ্দ শেষ হওয়ার পর দুই পয়েন্টে অতিরিক্ত ১৬০ বস্তা সার বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষক উপস্থিত হওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি জানান, উপজেলায় আগে ৪৫ জন ডিলার থাকলেও বর্তমানে রয়েছেন ৩০ জন। নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হলে আরও বেশি পয়েন্টে সার বিতরণের সুযোগ তৈরি হবে।

কৃষকদের বক্তব্য অনুযায়ী, এবার বন্যা না হওয়ায় চরাঞ্চলের অনেক নিচু জমিতে আবাদ হয়েছে। ফলে সারের চাহিদা বেড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আরও সার বরাদ্দের অনুরোধ করা হয়েছে বলে জানান ইউএনও। প্রয়োজন হলে অতিরিক্ত সার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!