যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে

তাহিরপুরে তিন শিশুর মৃত্যু, গুরুতর অসুস্থ বাবা হাসপাতালে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ PM ২৯
তাহিরপুরে তিন শিশুর মৃত্যু, গুরুতর অসুস্থ বাবা হাসপাতালে

তাহিরপুরে তিন শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল; ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপানের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। শিশুদের বাবা সরফত আলী (৩৫) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মারা যাওয়া তিন শিশু হলো—মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তারা রজনীলাইন গ্রামের বাসিন্দা সরফত আলীর সন্তান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে গেছেন। শুক্রবার রাতে সরফত আলী সন্তানদের নিয়ে একই ঘরে ঘুমাতে যান। পরে রাতের দিকে চারজন অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর সরফত আলী ময়মনসিংহে থাকা তাঁর এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান। পরে ওই স্বজন বিষয়টি সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে জানান। খবর পেয়ে রহমত আলীসহ পরিবারের লোকজন দ্রুত বাড়িতে পৌঁছে ঘরের দরজা খুলে চারজনকে উদ্ধার করেন।

তাদের দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কী কারণে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের মাধ্যমে বিস্তারিতভাবে জানা যাবে।

সুনামগঞ্জ তাহিরপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!