যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে চেকপোস্টে ওয়ান শ্যুটার ও গুলিসহ আটক ২

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ PM ৪১
দিনাজপুরে চেকপোস্টে ওয়ান শ্যুটার ও গুলিসহ আটক ২

দিনাজপুরে চেকপোস্টে তল্লাশির সময় আটক দুই ব্যক্তি; ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শহরের দফতরীপাড়া এলাকার হারুন (৫৫) ও ষষ্ঠীতলা এলাকার মো. রতন (২০)। পুলিশ জানিয়েছে, হারুন পিকআপচালক এবং রতন একটি পিকআপ গ্যারেজে কর্মরত।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লিলির মোড় থেকে বালুবাড়ির দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। সদর হাসপাতাল মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা মোটরসাইকেলটি থামিয়ে আরোহীদের পরিচয় ও কাগজপত্র যাচাই করেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তল্লাশির একপর্যায়ে দুই আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি অব্যাহত রাখে।

তল্লাশির সময় হারুনের সঙ্গে থাকা একটি লাল প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান বা ওয়ান শ্যুটার এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এসব অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র আটক ব্যক্তিরা দেখাতে পারেননি।

পরে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুজনকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের কনস্টেবল শাহ নেওয়াজ ও মেহেদী হাসানও ছিলেন।

ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি পাওয়া যায়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার জানান, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল মোড়ে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে। তাদের মধ্যে পিকআপচালক হারুনের বিরুদ্ধে কোতয়ালী থানায় আগের একটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!