ইটনা উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য ফজলুর রহমান; ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তাঁর নির্বাচনী এলাকার দুর্গাপূজার মণ্ডপগুলোতে পুলিশ মোতায়েনের প্রয়োজন হবে না। নিরাপত্তার জন্য প্রয়োজন হলে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্থানীয় উন্নয়ন ও জনসেবার নানা বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তিনি নিজে এলাকায় অবস্থান করবেন এবং কোনো পূজামণ্ডপে যাতে সমস্যা না হয়, সে বিষয়ে নজর রাখবেন। প্রয়োজন দেখা দিলে তাঁর দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হবে বলে জানান তিনি।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি মুসলমানদের নামাজ ও ঈদের জামাতের উদাহরণ টেনে বলেন, এসব ধর্মীয় আয়োজনে যদি প্রতিটি স্থানে পুলিশ মোতায়েনের প্রয়োজন না হয়, তাহলে পূজামণ্ডপে কেন আলাদাভাবে পুলিশ দিতে হবে—এ প্রশ্ন তাঁর। তাঁর দাবি, স্থানীয়ভাবে দায়িত্ব নিয়ে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান তিনি।
এর বাইরে মতবিনিময় সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বাড়ানো ও চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা করার বিষয়টি তুলে ধরেন কর্মকর্তারা। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা এবং ইটনা বালিকা উচ্চবিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করার প্রস্তাবও দেওয়া হয়।
নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে হাওর এলাকায় টিউবওয়েল স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফজলুর রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!