নিহত আবদুল বারী। ছবি: সংগৃহীত
রাজশাহী নগরের রাজপাড়া এলাকায় মুদি দোকানে পেট্রলবোমা দিয়ে আগুন দেওয়ার পর আবদুল বারী (৪০) নামে ওই দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চন্ডিপুর এলাকা থেকে কয়েকজন যুবক বাকির মোড়ে আসে। তারা বারীর দোকানে গিয়ে টাকা ভাঙিয়ে দিতে বলে। তবে বারী এতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। প্রাথমিকভাবে পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, ওই বিরোধের জের ধরেই পরে হামলার ঘটনা ঘটে।
রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে বলে অভিযোগ রয়েছে। তারা প্রথমে তাঁর মুদি দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। এরপর পেট্রলবোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দোকানে আগুন দেখতে পেয়ে বারী ও তাঁর পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, বারীর মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!