যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

কুর্মিটোলায় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইকারীদের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ PM ৫৯
কুর্মিটোলায় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইকারীদের হামলার অভিযোগ

ছবি:সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত হাফিজুর রহমানের (২৫) পরিবারের দাবি, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় তাঁকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুর্মিটোলা হাসপাতালের পেছনে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় হাফিজুরকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দুই পথচারী তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হাফিজুর রহমান বাগেরহাটের চিতলমারী উপজেলার চরচিংগুরি গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে। তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি রিসোর্টে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বুধবার রাতে দুই পথচারী আহত অবস্থায় হাফিজুরকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে আনার সময় তাঁর পরিচয় জানা যায়নি। পরে দুপুরে পরিচয় শনাক্ত করা হয়।

হাফিজুরকে উদ্ধার করা পথচারী ফয়েজ জানান, বুধবার সন্ধ্যায় কুর্মিটোলা হাসপাতালের পেছনে রেললাইনের পাশে মানুষের জটলা দেখে তিনি সেখানে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন।

ফয়েজের ভাষ্য অনুযায়ী, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, কমলাপুরগামী একটি চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের সঙ্গে হাফিজুরের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে এ তথ্যের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

হাফিজুরের বড় ভাই মো. হোসাইন শেখ জানান, ছুটিতে বুধবার গাজীপুর থেকে গ্রামের বাড়ি বাগেরহাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁর ভাই। সাধারণত জয়দেবপুর থেকে ট্রেনে করে কমলাপুরে আসতেন হাফিজুর। এরপর সায়েদাবাদ থেকে বাসে করে গ্রামের বাড়িতে যেতেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পুলিশের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর পান। পরে পরিবারের সদস্যরা ঢাকায় এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ শনাক্ত করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, কুর্মিটোলা এলাকায় ট্রেন থেকে পড়ে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর পরিচয় শনাক্ত হয়েছে।

তবে হাফিজুরকে কেউ ট্রেন থেকে ফেলে দিয়েছে কি না, নাকি অন্য কোনোভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেছেন—তা এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য হাফিজুরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুর্মিটোলায় ট্রেন দুর্ঘটনা ছিনতাইকারীদের হামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!