যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

স্কুল ফিডিংয়ের দুধ নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM ৪৪
স্কুল ফিডিংয়ের দুধ নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ নেওয়ার অভিযোগ ওঠার পর ছাত্রদল নেতা নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সিদ্ধান্তে তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন। শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। সংগঠনের বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ উল্লেখ করা হয়েছে।

নাদিম মাহমুদ স্বরূপকাঠী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেছারাবাদের ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন।

এর আগে ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রাখা স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ২৫ সেপ্টেম্বর। ওই সময় বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে বিদ্যালয়ে আসা অতিথিদের নিয়ে শিক্ষকরা ব্যস্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ৩০ সেপ্টেম্বর নাদিম ও তার সহযোগীরা বিদ্যালয়ে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন। বাকি তিন প্যাকেট খাওয়া হয়েছিল বলে বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

অভিযোগের বিষয়ে নাদিম মাহমুদের ভাষ্য, তিনি ও তার দুই বন্ধু বিদ্যালয় থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। তবে সেগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল, তা তারা জানতেন না। পরে বিষয়টি জানার পর ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয়ে ফেরত দেওয়া হয়।

এদিকে ঘটনাটি কয়েক দিন পর উপজেলা শিক্ষা অফিসকে জানানোর কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!