যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

চড়া শাকসবজির বাজার, বেড়েছে ফার্মের মুরগি ও মাছের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ PM

২৫
চড়া শাকসবজির বাজার, বেড়েছে ফার্মের মুরগি ও মাছের দাম

ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ফার্মের মুরগি, মাছ ও বিভিন্ন খাদ্যপণ্যের দামও বাড়তি রয়েছে।

 রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বেড়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহে কিছুটা সমস্যা হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে।

বর্তমানে বাজারে করলা বিক্রি হচ্ছে কেজি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা দরে।

বেগুনের দামও বেড়েছে। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। এছাড়া চিচিঙ্গা ৮০ টাকা, সজনা ১৮০ থেকে ২০০ টাকা, ধুন্দল ৬০ টাকা, টমেটো ১৮০ থেকে ২২০ টাকা এবং মুলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর বাজারে কাঁচামরিচের দামও বেড়ে কেজিতে ১৬০ থেকে ২০০ টাকায় উঠেছে। পেঁপে ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকা, দেশি শসা ১২০ টাকা এবং হাইব্রিড শসা ৮০ টাকা কেজি দরে।

এদিকে শাকের দামও বেড়েছে। লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি বেড়েছে মুরগির দামও। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি, সোনালি কক ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩১০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের জন্য। বিভিন্ন ধরনের মাছ আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ ৩০০ থেকে ৬০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে। ইলিশের দামও রয়েছে চড়া। ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ডিমের দামও তুলনামূলক বেশি রয়েছে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি ও পরিবহন সমস্যার কারণে আপাতত বাজারে বাড়তি দামের প্রভাব রয়েছে।

বাজার দর সবজির দাম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!