যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

বৃষ্টি-বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ PM

১৪
বৃষ্টি-বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজির দাম আবারও বেড়েছে। সরবরাহ সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্সসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজি কিনতে এসে অনেক ক্রেতাই দাম শুনে হতাশ হচ্ছেন। আগের তুলনায় কম পরিমাণে সবজি কিনে ফিরতে হচ্ছে তাদের।

ক্রেতারা জানান, আগে যেখানে ৫০০ টাকায় পরিবারের জন্য প্রয়োজনীয় বাজার করা যেত, এখন একই পরিমাণ পণ্য কিনতে ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

চকবাজারের এক ক্রেতা বলেন, মাছ-মাংসের দাম আগে থেকেই বেশি ছিল। এখন সবজির দামও বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। আগে পাঁচ-ছয় ধরনের সবজি কেনা হলেও এখন দুই-তিন ধরনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, ভারী বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং পার্বত্য এলাকার অনেক সবজির খেত পানিতে তলিয়ে গেছে। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কমেছে।

বর্তমানে চট্টগ্রামের বাজারে লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। টমেটোর দাম ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা এবং পেঁপে প্রায় ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রায় ২৪০ টাকা কেজি দরে।

এ ছাড়া বেগুন ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, পটোল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, আড়তে আগের মতো পর্যাপ্ত সবজি পাওয়া যাচ্ছে না। বেশি দামে কিনে আনতে হচ্ছে, ফলে খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে।

আড়তদারদের মতে, দোহাজারী, সাতকানিয়া, ফটিকছড়ি, নাজিরহাটসহ বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকায় বন্যায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে আগামী দিনে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম সবজির দাম নিত্যপণ্যের দাম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!