ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক রফিকুল ইসলাম সরদারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে—পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।
উপাচার্য হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কারণে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের শিক্ষক। তাঁর নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নতুন নেতৃত্বের দায়িত্ব শুরু হলো।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!