যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তির আবেদন আজ শেষ, প্রথম ধাপের ফল ১৬ সেপ্টেম্বর

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ PM ৬৭
একাদশে ভর্তির আবেদন আজ শেষ, প্রথম ধাপের ফল ১৬ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের প্রথম ধাপ আজ রোববার রাত ৮টায় শেষ হচ্ছে। একই সময়ে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে আবেদন এবং আগে আবেদন করা শিক্ষার্থীদের পছন্দক্রম সংশোধনের সুযোগও শেষ হবে।

প্রথম ধাপে কলেজের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিতদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় রাখা হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এসব তথ্য জানান।

ভর্তি নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি কার্যক্রম চলবে। একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে ২৩ সেপ্টেম্বর থেকে।

আন্তশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাঁদের সংশোধিত ফল ইতোমধ্যে ভর্তি পোর্টালে যুক্ত করা হয়েছে। যারা গত ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেনি, তারাও আজ রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে।

গত ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। একজন শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে পারবে।

চলতি শিক্ষাবর্ষে মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। কোনো কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধাক্রম অনুযায়ী ওই আসন পূরণ করা হবে। এই কোটা ব্যবস্থা শুধু ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ক্ষেত্রে কার্যকর থাকবে।

ভর্তির সময় কলেজভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নেওয়ার ক্ষেত্রেও সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরের কলেজগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা, অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা, জেলা সদরে ২ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নিতে পারবে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!