যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

হলিউডে নতুন চমক: এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০১:৩৮ PM

৩৬
হলিউডে নতুন চমক: এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা

ছবি: সংগৃহীত

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ভার্চুয়াল এআই অভিনেত্রী টিলি নরউড। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, সেই এআই চরিত্রকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিসঅ্যালাইন্ড’ (Misaligned)। ছবিটি নির্মাণ করছে এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬, যারা টিলি নরউডকে তৈরি করেছে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি কমেডি-ড্রামা ঘরানার চলচ্চিত্র। গল্পটি আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামে একটি কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে, যেখানে বসবাস করে টিলি। বাস্তব শরীর বা ব্যক্তিগত স্মৃতি না থাকলেও অন্যদের অভিজ্ঞতায় প্রবেশ করার ক্ষমতা রয়েছে তার। এক রহস্যময় এআই বটের প্রভাবে টিলির মধ্যে ধীরে ধীরে আবেগ, আকাঙ্ক্ষা ও আত্মপরিচয়ের অনুভূতি তৈরি হতে শুরু করে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআই দিয়ে তৈরি হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রজেক্ট, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতারা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। তাদের লক্ষ্য প্রযুক্তি ও মানবিক সৃজনশীলতার সমন্বয়ে নতুন ধরনের চলচ্চিত্র নির্মাণ।

পার্টিকল ৬-এর প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, উন্নতমানের গল্পনির্ভর সিনেমা তৈরিতে এআই গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে, তবে মানবিক অভিজ্ঞতা, সৃজনশীলতা ও বিচারবোধের কোনো বিকল্প নেই। তাঁর মতে, ভবিষ্যতের সফল চলচ্চিত্র নির্মাতারা হবেন তারা, যারা আধুনিক প্রযুক্তিকে গল্প বলার দক্ষতার সঙ্গে কার্যকরভাবে একীভূত করতে পারবেন।

এআই অভিনেত্রী হলিউড সিনেমা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!