ছবি: সংগৃহীত
কিয়ারা আদভানির ‘টক্সিক’ সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মধ্যেই নিজের অবস্থান জানালেন কাজল আগরওয়াল। কেন তিনি অন্তরঙ্গ দৃশ্য ও নির্দিষ্ট পোশাকে অভিনয় করেন না, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
কিয়ারা আদভানি ও যশ অভিনীত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার ‘তাবাহি’ গান প্রকাশের পর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের মধ্যেই নিজের অভিনয়-দর্শন নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, পর্দায় অন্তরঙ্গ দৃশ্য বা এমন কোনো পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করেননি, যা তাঁর ব্যক্তিগত সীমারেখার বাইরে। এ কারণে ক্যারিয়ারে একাধিক বড় বাজেটের সিনেমার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন।
অভিনেত্রীর মতে, অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেক শিল্পীর ব্যক্তিগত পছন্দ ও সীমারেখাকে সম্মান করা উচিত। তিনি বলেন, কোনো চরিত্রে অভিনয় করবেন কি করবেন না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের জন্য তাঁর কোনো আক্ষেপ নেই।
সাক্ষাৎকারে নারী ও পুরুষ শিল্পীদের প্রতি ভিন্ন ধরনের সামাজিক প্রতিক্রিয়ার বিষয়েও কথা বলেন কাজল। তাঁর মতে, একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও নারী শিল্পীদের বেশি সমালোচনার মুখে পড়তে হয়। তবে তিনি মনে করেন, এমন সিদ্ধান্ত প্রত্যেকের ব্যক্তিগত মূল্যবোধ ও স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করে।
মাতৃত্বের পর নিজের সিদ্ধান্তে আরও সচেতন হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। তাঁর চার বছরের ছেলে বড় হয়ে যেন মায়ের কাজ দেখে গর্ব অনুভব করে—এ বিষয়টি মাথায় রেখেই এখন তিনি নতুন সিনেমা নির্বাচন করেন।
এদিকে ‘টক্সিক’ সিনেমার ‘তাবাহি’ গান প্রকাশের পর দর্শকদের একাংশ নির্মাণশৈলীর প্রশংসা করলেও, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা দেখা গেছে। বিশেষ করে কিয়ারা আদভানিকে লক্ষ্য করে নানা মন্তব্য উঠে আসে। একই সময়ে ছবির সহ-অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও প্রশ্ন তোলেন, কেন একই দৃশ্যে অভিনয় করার পরও নারী অভিনেত্রীদেরই বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়।
উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ মুক্তি পাচ্ছে ২৪ জুলাই ২০২৬।
Kajal Aggarwal Kiara Advani Toxic Movie Yash Tabahi Song
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!