ছবি: সংগৃহীত
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন। দীর্ঘ ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমির মঞ্চে এটি তাঁর প্রথম একক পরিবেশনা।
সম্প্রতি পারিবারিক কাজে এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই তিনি এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। অনুষ্ঠানে তিনি তাঁর দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বাংলা গানের ঐতিহ্য ও স্মৃতি পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, প্রিয় শ্রোতাদের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটাতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গান পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠানে রুনা লায়লাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। তাঁর দীর্ঘ সংগীতজীবনের অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মাননা দেওয়া হচ্ছে।
এ আয়োজনের আরেকটি বিশেষ দিক হলো, টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সংগৃহীত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে একই ধরনের বিশেষ আয়োজন করেছিল। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছেন রুনা লায়লা।
দেশের এই বিশেষ আয়োজন শেষ করেই আন্তর্জাতিক সফরে ব্যস্ত হয়ে পড়বেন বরেণ্য এই শিল্পী। চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন, যেখানে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
রুনা লায়লা শিল্পকলা একাডেমি বাংলা গান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!