যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

আইয়ুব বাচ্চুর ‘ঘুমন্ত শহরে’ নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:০০ PM | সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০২:০১ PM ৫৯
আইয়ুব বাচ্চুর ‘ঘুমন্ত শহরে’ নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু ছবি: সংগৃহীত

কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবামের একটি গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা চলছে। অ্যালবামের ‘ঘুমন্ত শহরে’ গানটি নতুন করে গেয়েছেন অদিত রহমান। তার গায়কী ও পরিবেশনার ধরন নিয়ে আইয়ুব বাচ্চুর ভক্তদের একাংশ আপত্তি তুলেছেন।

আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট ইউটিউবে ‘রুপালি গিটার’ প্রকাশের মাধ্যমে অ্যালবামটির যাত্রা শুরু হয়। বাপ্পা মজুমদারের কণ্ঠে গানটি প্রকাশের পর এখন পর্যন্ত অ্যালবামের সাতটি গান প্রকাশিত হয়েছে।

এর মধ্যে ‘ঘুমন্ত শহরে’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনামূলক বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সমালোচকদের একটি অংশের অভিযোগ, নতুন সংগীতায়োজনের পাশাপাশি গায়কীতেও পরিবর্তন আনা হয়েছে। এতে আইয়ুব বাচ্চুর মূল গানের আবেগ ও আবেদন যথাযথভাবে ফুটে ওঠেনি বলে তারা মনে করছেন।

গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন গানটি নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

অবশ্য ‘উত্তরাধিকার’ অ্যালবামের সব গান নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে তার গান পরিবেশন করা শিল্পীদের মধ্যে মোল্লা বাবুর ‘কষ্ট কাকে বলে’ পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে।

‘ঘুমন্ত শহরে’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোল্লা বাবু বলেন, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার গান গেয়ে যেতে চান। ‘উত্তরাধিকার’ অ্যালবামের গানগুলো তার কাছে ভালো লেগেছে বলেও জানান তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখে ‘ঘুমন্ত শহরে’ শুনে মূল গানের আগের আবেদন খুঁজে পাননি বলে মন্তব্য করেন।

অ্যালবামটি প্রকাশের পর আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী গিটারিস্ট ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের নামও আলোচনায় আসে। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার গান নিয়ে বিভিন্নভাবে কাজ করেছেন মাসুদ।

তবে এক দীর্ঘ পোস্টে আব্দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। প্রকল্পটির শুরু থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন না বলেও স্পষ্ট করেছেন।

আইয়ুব বাচ্চুর গান পরিবেশনের ক্ষেত্রে শিল্পীর মূল আবেগ, মর্যাদা ও অনুভূতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, একজন শিল্পীর মৃত্যুর পর তার সৃষ্টিই সবচেয়ে বড় উত্তরাধিকার। আইয়ুব বাচ্চুর সৃষ্টি ও তার প্রতি ভালোবাসার কোনো ধরনের অসম্মান বা স্বার্থহানি হয়—এমন কোনো কাজে তিনি যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না বলে জানিয়েছেন।

‘উত্তরাধিকার’ অ্যালবামে আইয়ুব বাচ্চুর ২০টি জনপ্রিয় গান নতুন করে সংগীতায়োজন করেছেন বিভিন্ন সমসাময়িক শিল্পী ও ব্যান্ড। অ্যালবাম থেকে পাওয়া অর্থ আইয়ুব বাচ্চু জাদুঘর তৈরির কাজে ব্যয় করার কথা জানানো হয়েছে।

আইয়ুব বাচ্চু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!