যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

পপির অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জয়: ‘ভক্তদের জন্যও দোয়া কইরেন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:১১ PM ৫৭
পপির অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জয়: ‘ভক্তদের জন্যও দোয়া কইরেন’

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবন বেছে নেওয়ার ইঙ্গিত দেওয়া পপি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনয় থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার পুরোনো বক্তব্যের একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পপির সিদ্ধান্ত এবং মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

সোমবার (৩১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটো কার্ড প্রকাশ করেন জয়। সেখানে পপির বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, অভিনয়জীবনে অর্জিত ‘পাপ’ থেকে মুক্ত হয়ে বাকি জীবন আল্লাহর নাম নিয়ে কাটাতে চান তিনি। এই বক্তব্যের প্রসঙ্গ টেনে জয় প্রশ্ন তোলেন, অভিনয়কে পাপ হিসেবে বিবেচনা করার উপলব্ধি যদি ক্যারিয়ারের পরবর্তী সময়ে আসে, তাহলে দীর্ঘদিন যারা তাদের ভক্ত ছিলেন, তাদের অবস্থান কী হবে।

জয় তার পোস্টে বলেন, নায়িকা মৌসুমীর বক্তব্যের সঙ্গে পপির বক্তব্যের মিল রয়েছে। একই ধরনের বক্তব্য যদি শাবনূর ও পূর্ণিমাও দেন, তাহলে একটি প্রজন্মের অভিনেত্রীদের বিষয়ে একই ধরনের উপলব্ধি পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব অভিনেত্রী অভিনয়কে ‘গুনাহর কাজ’ হিসেবে বুঝতে পেরেছেন।

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে জয় আরও বলেন, তারকা শিল্পীরা যখন অভিনয় করতেন, তখন তাদের ভক্ত হয়ে যারা তাদের অনুসরণ করেছেন, তারা বিষয়টি না বুঝেই ভুল করেছেন কি না—এমন প্রশ্নও রয়েছে। এ কারণে ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া করার অনুরোধ জানান তিনি।

বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের নিয়েও প্রশ্ন তুলেছেন জয়। ভবিষ্যতে তারাও ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একই ধরনের বক্তব্য দেবেন কি না, সেই প্রশ্ন রেখে তিনি বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

পপির বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পারাজও। তিনি বলেন, উপার্জনের সময় কোনো কাজকে পাপ মনে না হলেও বেকার হয়ে গেলে আগের কাজকে পাপ হিসেবে দেখার প্রবণতা তৈরি হয়। একইভাবে আরও কয়েকজন মন্তব্যকারী জয়ের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং কেউ কেউ শেষ বয়সে ধর্মীয় জীবনে ফেরার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন।

পপি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে আড়ালে রেখেছেন। ব্যক্তিগত জীবনে বিয়ে করে সংসারী হওয়ার পাশাপাশি তিনি এক সন্তানের মা হয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাকে চলচ্চিত্রজীবন থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিতে দেখা যায়। সেখানে তিনি জীবনের বাকি সময় শান্তিপূর্ণভাবে কাটানো এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

পপি শাহরিয়ার নাজিম জয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!