অভিনেত্রী মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত
ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন। সম্প্রতি ফেসবুক প্রোফাইলে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়। পরে গণমাধ্যমের কাছে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।
মিষ্টি জান্নাত জানান, তার স্বামী একজন ব্যবসায়ী এবং মিডিয়ার সঙ্গেও তার কিছুটা যোগাযোগ রয়েছে। তবে আপাতত স্বামীর নাম বা পরিচয়ের বিস্তারিত প্রকাশ করতে রাজি নন তিনি। বিয়ের তারিখ ও স্থান সম্পর্কেও কোনো তথ্য দেননি। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।
বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, এটি প্রেমের বিয়ে। তবে তাদের সম্পর্ক কবে থেকে এবং ঠিক কখন বিয়ে করেছেন, তা এখনই জানাতে চান না। তার মতে, সবকিছু একসঙ্গে প্রকাশ করলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।
অভিনেত্রী আরও জানান, বিয়েটি হঠাৎ করে হয়নি; বেশ কিছুদিন আগেই তারা বিয়ে করেছেন। এতদিন বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণও ছিল বলে জানান তিনি।
মিষ্টির ভাষ্য অনুযায়ী, প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন মানুষের নানা ধরনের আগ্রহ ও যোগাযোগ তাকে একসময় বিরক্ত করে তোলে। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ বিদেশে গিয়ে সাক্ষাতের প্রস্তাব দিতেন, আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এমন পরিস্থিতির কারণেই শেষ পর্যন্ত নিজের বিয়ের খবর প্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি।
স্বামীকে ভবিষ্যতে প্রকাশ্যে আনবেন কি না—এমন প্রশ্নে মিষ্টি জান্নাত বলেন, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। উপযুক্ত সময়ে স্বামীকে সবার সামনে আনবেন। এমনকি মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন তিনি।
বিয়ের পরও তার সংসারজীবন পুরোপুরি শুরু হয়নি বলে জানান মিষ্টি। বর্তমানে তিনি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন। ভবিষ্যতে স্বামীর সঙ্গে সুন্দরভাবে সংসার করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
মিষ্টি জান্নাত বিয়ে ঢালিউড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!