যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ডায়ানার ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’ ফের উঠছে নিলামে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ PM ৫৬
ডায়ানার ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’ ফের উঠছে নিলামে

১৯৯৪ সালে আলোচিত কালো গাউন ‘রিভেঞ্জ ড্রেস’ পরে প্রিন্সেস ডায়ানা। ছবি: সংগৃহীত

প্রায় তিন দশক পর আবারও নিলামে উঠতে যাচ্ছে প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন। নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে পোশাকটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৩ লাখ ডলার।

প্রিন্সেস ডায়ানার বহুল পরিচিত কালো গাউনটি আবারও নিলামে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত পোশাকটির আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার।

গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানের তৈরি অফ-দ্য-শোল্ডার সিল্কের গাউনটি ১৯৯৪ সালে একটি ভ্যানিটি ফেয়ার অনুষ্ঠানে পরেছিলেন ডায়ানা। সেই রাতেই তার সাবেক স্বামী এবং তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এরপর থেকেই ওই পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি পায়।

পোশাকটি শুধু একটি ফ্যাশন সামগ্রী হিসেবে নয়, ডায়ানার আত্মবিশ্বাস ও স্বাধীনতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে। ওই রাতে পোশাকটি পরে গাড়ি থেকে নামার ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়।

আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি তোলা হবে। প্রিন্সেস ডায়ানাকে ঘিরে আয়োজিত স্বতন্ত্র ফ্যাশন নিলামের অন্যতম আকর্ষণ হবে এটি।

সোথবির মতে, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর অন্যতম স্মরণীয় ফ্যাশন মুহূর্তের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ আসার আগেই ডায়ানার সেই উপস্থিতি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

নিলামের আগে পোশাকটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ফ্যাশন ম্যাগাজিন ভোগ। এরপর এটি নিউইয়র্কের নিলামে তোলা হবে।

প্রিন্সেস ডায়ানা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!