ছবি: সংগৃহীত
শুটিংয়ের সময়সূচি নিয়ে অনিশ্চয়তার কারণে রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত সোমবার নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে সিনেমাটির নির্মাতা রায়হান খান জানিয়েছেন, ফারিয়ার সরে যাওয়ার বিষয়ে তাঁর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। এমনকি আনুষ্ঠানিকভাবেও তাঁকে বিষয়টি জানানো হয়নি।
চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। গত বছরের ৯ ডিসেম্বর নিজের ক্যারিয়ারের দুই দশক পূর্তি উপলক্ষে ‘ট্রাইব্যুনাল’-এর ঘোষণা দিয়েছিলেন রায়হান খান। তখন তিনি জানিয়েছিলেন, চলতি বছরের কোনো একটি ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা ছিল। কিন্তু তাঁর অংশের শুটিংসহ ছবিটির বড় একটি অংশের কাজ এখনো বাকি। দীর্ঘদিন ধরে শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত না হওয়ায় শেষ পর্যন্ত সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ফারিয়া।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় নুসরাত ফারিয়া বলেন, ‘ক্রিটিক্যাল কোনো কারণ নেই। এই সিনেমার চরিত্রটি আমার খুব পছন্দের ছিল। অভিনয়ের জন্য এক্সাইটেড ছিলাম। কিন্তু শুটিং নিয়ে অনিশ্চয়তার কারণে শিডিউল জটিলতাসহ আরও কয়েকটি বিষয়ে আমাদের ব্যাটে বলে মিলছিল না। তাই সরে আসা। জটিল কোনো সমস্যা নয়।’
তবে ফারিয়ার বক্তব্যের সঙ্গে নির্মাতার জানা তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে রায়হান খান বলেন, ‘ট্রাইব্যুনাল সিনেমা না করার বিষয়ে ফারিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই আমাকে কিছু জানায়নি। তাই এ নিয়ে কোনো কথা বলতে পারব না।’
এদিকে সিনেমাটির আরও দুই অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদও আপাতত শুটিংয়ে অংশ নেওয়ার অবস্থায় নেই। তানিয়া বৃষ্টি গত ফেব্রুয়ারি থেকে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে মৌসুমী হামিদ বর্তমানে প্রথমবার মা হওয়ার অপেক্ষায় রয়েছেন।
অভিনেত্রীদের বর্তমান পরিস্থিতির কারণে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। রায়হান খান বলেন, ‘তানিয়া বৃষ্টির অসুস্থতা আর মৌসুমী হামিদের মাতৃত্বকালীন ছুটির বিষয়টি চাইলেই এড়িয়ে যাওয়া সম্ভব না। আমরা তাঁদের জন্য অপেক্ষা করছি।’
ছবিটির প্রযোজনা ও বাজেট নিয়েও কিছু অনিশ্চয়তা রয়েছে বলে জানান নির্মাতা। তাঁর ভাষ্য, ‘ট্রাইব্যুনাল’ একটি স্বাধীন প্রযোজনার সিনেমা। এ ধরনের চলচ্চিত্রে নির্দিষ্ট প্রযোজক না থাকায় অনেক সময় অর্থায়ন ও বাজেট নিয়ে জটিলতা তৈরি হয়। সব সমস্যা কাটিয়ে চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু করার আশা করছেন তিনি।
নুসরাত ফারিয়া
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!