যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

রাফার প্রথম একক কনসার্টে থাকছে অর্থহীনসহ নানা আয়োজন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ PM ৫৬
রাফার প্রথম একক কনসার্টে থাকছে অর্থহীনসহ নানা আয়োজন

রায়েফ আল হাসান রাফা। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকের সংগীতযাত্রায় গিটার, ড্রামস ও গানের মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন রায়েফ আল হাসান, যিনি সংগীতাঙ্গনে রাফা নামেই পরিচিত। বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করলেও অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবে তাঁর পরিচিতি বেশি। কয়েক বছর আগে নিজের ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’ গড়ে তোলেন তিনি। এবার সেই ব্যান্ডের পথচলার বাইরে প্রথমবার একক কনসার্ট নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন এই সংগীতশিল্পী।

আগামী ২ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসবে রাফার প্রথম একক কনসার্ট ‘এত বোকা কেন তুমি’। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এ আয়োজনে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন তিনি। তালিকায় রয়েছে ‘চলো আরেকবার উড়ি’, ‘তুমি ডাকলেই ফিরব’ ও ‘আমি আকাশ পাঠাব’-এর মতো গান। শুধু গান পরিবেশনেই সীমাবদ্ধ থাকবেন না রাফা; সংগীতজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেবেন।

রাফার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ের সহকর্মীদেরও কনসার্টের মঞ্চে দেখা যেতে পারে। আয়োজনে অতিথি ব্যান্ড হিসেবে পারফর্ম করার কথা রয়েছে অর্থহীনের। ২০০৩ সালে ব্যান্ডটিতে যুক্ত হওয়ার পর এক দশকেরও বেশি সময় অর্থহীনের সঙ্গে ছিলেন রাফা। ফলে তাঁর একক কনসার্টে অর্থহীনের অংশগ্রহণকে বিশেষ আয়োজন হিসেবে দেখা হচ্ছে। এর বাইরে অনুষ্ঠানে আরও কিছু চমক রাখার কথা জানিয়েছেন রাফা।

নিজের প্রথম একক আয়োজন নিয়ে রাফা বলেন, ‘অনেক দিন ধরে এই কনসার্ট নিয়ে কাজ করছিলাম। অবশেষে একক কনসার্ট নিয়ে সবার সামনে আসছি। ২০-২৫ বছরের সংগীতজীবনে অনেক কিছু অর্জন করেছি। অনেক ভালো মিউজিকের সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে। রয়েছে অসংখ্য ভালো স্মৃতি। আমার পুরো জার্নির কথা শেয়ার করব। আরও অনেক চমক থাকবে। আশা করছি দারুণ কিছু হবে।’

কনসার্টে প্রবেশের জন্য দর্শকদের গেট খোলা হবে মূল আয়োজন শুরুর দুই ঘণ্টা আগে। এরই মধ্যে আর্লি বার্ড ক্যাটাগরির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। অ্যাভয়েড রাফার অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এসব টিকিট।

রায়েফ আল হাসান রাফা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!