যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

ছয় দিনেই কোটির ঘরে ‘আপন পর’, প্রশংসায় তৌসিফের অভিনয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ PM ৩৬
ছয় দিনেই কোটির ঘরে ‘আপন পর’, প্রশংসায় তৌসিফের অভিনয়

‘আপন পর’ নাটকের দৃশ্যে তৌসিফ মাহবুব ও বিজরী বরকতুল্লাহ; ছবি: সংগৃহীত

মুক্তির পর অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছে নাটক ‘আপন পর’। ১৫ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মাত্র ছয় দিনে নাটকটি এক কোটির বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে ইউটিউবের মন্তব্যঘরে দর্শকদের বড় একটি অংশ নাটকটির গল্প ও অভিনয়ের প্রশংসা করেছেন।

‘আপন পর’ পরিচালনা করেছেন রুবেল হাসান। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রকাশের পর নাটকটি নিয়ে চার হাজারের বেশি মন্তব্য এসেছে। এসব প্রতিক্রিয়ায় বিশেষভাবে উঠে এসেছে তৌসিফ মাহবুবের অভিনয় এবং গল্পের আবেগঘন দিক।

দর্শকদের অনেকে জানিয়েছেন, নাটকের বিভিন্ন দৃশ্য তাদের আবেগাপ্লুত করেছে। কারও কাছে গল্পটি ব্যক্তিগত জীবনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, আবার কেউ মায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেছেন মন্তব্যে।

এক দর্শক জানিয়েছেন, ১৩ বছর বয়সে তাঁর মা তাকে ছেড়ে চলে যান। বর্তমানে তাঁর বয়স ৪২ বছর হলেও একই শহরে থাকা মায়ের সঙ্গে তার আর কথা হয় না। নাটকটি দেখার পরও মাকে ঘিরে নিজের কষ্ট ও নীরব কান্নার কথা তুলে ধরেছেন তিনি।

সুদীপ নামে আরেক দর্শক লিখেছেন, নাটকজুড়ে তাঁর চোখে পানি এসেছে। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আক্ষেপও প্রকাশ করেছেন। লাবণ্য নামে এক দর্শক আবার জানিয়েছেন, তাঁর মা এখনো বেঁচে আছেন—এ কারণে নাটকটি দেখার সময় নিজেকে ভাগ্যবান মনে হয়েছে।

নাটকের অভিনয় নিয়েও প্রশংসা করেছেন দর্শকরা। আল আমিন নামে এক দর্শক তৌসিফ মাহবুবের একটি কান্নার দৃশ্যের কথা উল্লেখ করে আবেগ প্রকাশ করেছেন। অন্যদিকে সাইফুল নাটকটিকে বাস্তবধর্মী ও শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন। সুমন, পাভেলসহ আরও কয়েকজন দর্শক নাটকটির গল্প ও চিত্রনাট্য নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। তাঁদের পাশাপাশি বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান ও সাকিবা বিনতে আলীও অভিনয় করেছেন।

শুধু গল্প কিংবা অভিনয় নয়, নির্মাণের বিভিন্ন দিকও দর্শকদের আলোচনায় এসেছে। মাসুদ রানা নামে একজন পরিচালক রুবেল হাসানের নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। অয়ন সরকার নাটকের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রশংসা করে মন্তব্য করেছেন। আরেক দর্শক নাটকের সংগীত, দৃশ্য, পরিবেশ ও আবেগঘন উপস্থাপনার সমন্বয়কে ইতিবাচকভাবে দেখেছেন।

মুক্তির ছয় দিনের মধ্যেই এক কোটির বেশি ভিউ এবং বিপুল দর্শক প্রতিক্রিয়া পাওয়ায় ‘আপন পর’ এখন আলোচিত বাংলা নাটকগুলোর একটি হয়ে উঠেছে। তবে নাটকটির ভিউয়ের পাশাপাশি দর্শকদের মন্তব্যে গল্প, অভিনয় ও নির্মাণশৈলী নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে, সেটিও এর আলোচনার অন্যতম কারণ।

আপন পর তৌসিফ মাহবুব

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!