যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার নতুন লুক

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ PM | সর্বশেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ PM ৭৮
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার নতুন লুক

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রথম পোস্টারে আলিয়া ভাট; ছবি: সংগৃহীত

সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়ল আলিয়া ভাটের প্রথম লুক প্রকাশের পর। বৃহস্পতিবার প্রকাশিত পোস্টারে একেবারেই ভিন্ন সাজে দেখা গেছে অভিনেত্রীকে।

পোস্টারে আলিয়ার পরনে ম্যাজেন্টা-লাল ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্ট। মাথায় রয়েছে বিশেষ ধরনের হেডপিস। সোনালি ও গাঢ় লালের আবহের সঙ্গে আলো-আঁধারির পরিবেশ পোস্টারটিতে আলাদা মাত্রা তৈরি করেছে। তাঁর সাজসজ্জা দেখে ক্যাবারে নৃত্যশিল্পীর আদলের একটি চরিত্রের আভাস মিললেও সিনেমায় তাঁর চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি।

আলিয়ার পোস্টার প্রকাশের পাশাপাশি সিনেমাটির মুক্তির তারিখও জানানো হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

এর একদিন আগে, ২৪ সেপ্টেম্বর সিনেমাটির প্রধান অভিনেতা রণবীর কাপুরের দুটি আলাদা পোস্টার প্রকাশ করা হয়েছিল। এবার আলিয়ার ফার্স্ট লুক সামনে আসায় সিনেমাটির চরিত্র ও গল্প নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মাধ্যমে প্রথমবার সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় একসঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। এর আগে বানসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে ২০০৭ সালে বলিউডে অভিষেক হয়েছিল রণবীরের। প্রায় দুই দশক পর আবারও এই নির্মাতার পরিচালনায় কাজ করছেন তিনি।

অন্যদিকে, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও বানসালির সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া। ২০২২ সালের ওই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। ভিকি কৌশলের সঙ্গেও আলিয়ার এর আগে কাজের অভিজ্ঞতা রয়েছে। দুজনকে একসঙ্গে দেখা গেছে ‘রাজি’ সিনেমায়। রণবীর ও ভিকি একসঙ্গে অভিনয় করেছেন ‘সঞ্জু’তে।

‘লাভ অ্যান্ড ওয়ার’ শুধু হিন্দিতে নয়, তামিল ও তেলুগু ভাষাতেও একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প ও আলিয়া-রণবীর-ভিকির চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

আলিয়া ভাট লাভ অ্যান্ড ওয়ার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!