যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ PM ২৮
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

অস্কারে বাংলাদেশের হয়ে নির্বাচিত সিনেমা ‘রইদ’-এর একটি দৃশ্য। সংগৃহীত ছবি।

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে নাজিফা তুষি অভিনীত সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক অনুভূতি ও গ্রামীণ জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অস্কারে বাংলাদেশের সিনেমা নির্বাচনের বিষয়টি জানানো হয়। এবার দেশের পক্ষ থেকে মোট পাঁচটি সিনেমা জমা দেওয়া হয়েছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চারটি সিনেমা বিবেচনায় নেওয়া হয়। পরে সেখান থেকে ‘রইদ’কে চূড়ান্তভাবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়।

অস্কারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের অভিনীত সিনেমা যাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাজিফা তুষি। তিনি বলেন, ‘রইদ’ অস্কারে যাওয়ার খবর পুরো দলের জন্য আনন্দের। তাঁর প্রত্যাশা, এই যাত্রা বাংলাদেশের চলচ্চিত্রের সামনে নতুন সম্ভাবনা তৈরি করবে। এখন চূড়ান্ত মনোনয়ন তালিকায় সিনেমাটি জায়গা করে নিতে পারে কি না, সেটিই দেখার বিষয়। তা সম্ভব হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার জন্য আরও বড় সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমনও ‘রইদ’ নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, সিনেমাটিতে বাংলাদেশের গল্প, সংস্কৃতি ও চিন্তার প্রতিফলন রয়েছে। তাঁর মতে, গত কয়েক বছরে দেশের বেশ কিছু মানসম্মত সিনেমা অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, যা দেশের চলচ্চিত্রের জন্য আশাব্যঞ্জক। ভবিষ্যতে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।

‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে। প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির মধ্য দিয়ে সিনেমাটিতে তুলে ধরা হয়েছে গভীর এক প্রেমের আখ্যান। নাজিফা তুষির সঙ্গে এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও তুতুল ফকির।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান।

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের মূল্যায়ন ও আলোচনার পর ‘রইদ’ নির্বাচিত হয়। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছে ‘রইদ’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি গত ২৮ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!