অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ে তুলনামূলক কম সক্রিয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই উপস্থিত থাকেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত পছন্দ, শৈশব-কৈশোরের অভিজ্ঞতা এবং সময়ের সঙ্গে নিজের ব্যক্তিত্বে আসা পরিবর্তন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই জানান, একটা সময়ে আর্থিকভাবে অসচ্ছল ছেলেদের প্রতি তাঁর আলাদা ধরনের ভালো লাগা কাজ করত।
প্রভার ভাষ্য, কেউ নিজের অভাব-অনটন কিংবা সংগ্রামের গল্প শোনালে আগে সেটি তাঁকে আকৃষ্ট করত। না খেয়ে থাকা, কষ্টের মধ্যে বেড়ে ওঠা কিংবা পরিবারের সদস্যদের সংগ্রাম করে বড় করার মতো বিষয়গুলো শুনে তিনি ওই ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতেন। তবে পরে তাঁর উপলব্ধি হয়েছে, এ ধরনের গল্প বলে যারা সহানুভূতি আদায় করার চেষ্টা করে, তাদের কেউ কেউ উল্টো বেশি সমস্যাজনক হতে পারে।
নিজের বেড়ে ওঠার সময়ের কথা বলতে গিয়ে প্রভা জানান, ছোটবেলায় তিনি অনেকটাই আদরে বড় হয়েছেন। অতিরিক্ত আদরের কারণে একটা পর্যায়ে স্বাভাবিকভাবে কথা বলতেও তাঁর সমস্যা হতো। কথাবার্তায় জড়তা ছিল এবং অনেক সময় পুরো বিষয়টি স্পষ্ট করে প্রকাশ করতে পারতেন না।
অভিনয়ে আসার পর ধীরে ধীরে তাঁর সেই স্বভাবের পরিবর্তন ঘটে বলে জানান প্রভা। সময়ের সঙ্গে স্পষ্টভাবে কথা বলা এবং নিজের মতামত প্রকাশ করার অভ্যাস তৈরি হয়েছে তাঁর। পরিবার, আত্মীয়স্বজন এবং আশপাশের মানুষের অতিরিক্ত স্নেহে তাঁর পরিণত হওয়ার প্রক্রিয়াটি কিছুটা দেরিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিনয়ে নিয়মিত না থাকলেও নতুন কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার বড় অংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের দৃশ্যধারণ চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
প্রভার হাতে থাকা অন্য সিনেমাটির নাম ‘দুই পয়সার মানুষ’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!