যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

‘ডিগার’-এ চেনা অ্যাকশন নায়ক নন, ভিন্ন অবতারে টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ PM ৩৭
‘ডিগার’-এ চেনা অ্যাকশন নায়ক নন, ভিন্ন অবতারে টম ক্রুজ

নতুন চলচ্চিত্র ‘ডিগার’-এর প্রচারণায় টম ক্রুজ। সংগৃহীত ছবি

দীর্ঘদিনের অ্যাকশননির্ভর চরিত্র থেকে বেরিয়ে এবার একেবারেই ভিন্ন ভূমিকায় পর্দায় আসছেন হলিউড তারকা টম ক্রুজ। আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত নতুন সিনেমা ‘ডিগার’-এ পরিবেশগত সংকটে থাকা এক বয়স্ক শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন তিনি। জলবায়ু পরিবর্তনের রাজনীতি, করপোরেট লোভ ও বিত্তশালী শ্রেণির জীবনযাপনকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

প্রায় ১৩ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই ডার্ক কমেডিটি বুধবার, ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির পরিচালক মেক্সিকোর একাধিক অস্কারজয়ী নির্মাতা ইনারিতু। ছবিতে ক্রুজকে খনি ও তেল ব্যবসার সঙ্গে যুক্ত এক ধনী ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি নিজের কর্মকাণ্ড, বিবেক এবং ব্যবসার সমালোচকদের সঙ্গে নানা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৪ বছর বয়সী টম ক্রুজ চরিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর ভাষায়, চরিত্রটি তাঁর অভিনয়দক্ষতার প্রায় সবটুকু কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে এবং এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চরিত্রগুলোর একটি।

২২ সেপ্টেম্বর লন্ডনে ‘ডিগার’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল মিশ্র। সিনেমাটিতে ইনারিতুর ব্যঙ্গের ধরন, অতিনাটকীয় অভিনয় এবং বিলিয়নেয়ার শ্রেণি ও জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনৈতিক বক্তব্য দর্শকদের মধ্যে ভিন্নমত তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টম ক্রুজের ক্যারিয়ারের বড় অংশজুড়ে রয়েছে অ্যাকশনধর্মী চলচ্চিত্র। ‘মিশন: ইমপসিবল’ সিরিজে ইথান হান্ট, ‘টপ গান: ম্যাভেরিক’ এবং ‘জ্যাক রিচার’—এসব ছবির মাধ্যমে অ্যাকশন তারকা হিসেবে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। চলতি বছরের শেষ দিকে ‘ডেইজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তিতেও তাকে দেখা যাওয়ার কথা রয়েছে।

তবে চলচ্চিত্র সমালোচক ও লেখক এ এস হামরাহর মতে, ক্রুজের অভিনয়ের বিস্তৃত পরিসর সর্বশেষ সবচেয়ে বেশি দেখা গেছে ১৯৯০-এর দশকে। তাঁর ভাষ্য, বয়স বাড়ার সঙ্গে ক্রুজ হয়তো এমন চরিত্রের দিকে ফিরছেন, যেখানে অভিনয়ের আরও গভীর দিক তুলে ধরার সুযোগ রয়েছে।

হামরাহ টম ক্রুজের ‘ম্যাগনোলিয়া’ ও ‘আইজ ওয়াইড শাট’-এর মতো ছবির প্রসঙ্গ টেনে বলেন, ১৯৯৯ সালের পর তিনি মূলধারার অ্যাকশন ছবির বাইরে খুব বেশি গুরুতর চরিত্রে অভিনয় করেননি। তাঁর মতে, ইনারিতুর মতো নতুন ধরনের নির্মাতার সঙ্গে কাজ করা ক্রুজের জন্য সেই জায়গায় ফিরে যাওয়ার একটি সুযোগ হতে পারে।

‘ডিগার’ পুরস্কারের দৌড়ে কতটা প্রভাব ফেলতে পারে, সেটিও এখন আলোচনায়। বক্স অফিস থিওরির প্রতিষ্ঠাতা শন রবিনস মনে করেন, ক্যারিয়ারে বিভিন্ন সময়ে ক্রুজ নিজের পরিচিত গণ্ডির বাইরে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। ‘ভ্যানিলা স্কাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-এর মতো সিনেমায় তাঁর অভিনয়ের উদাহরণও টানেন তিনি।

রবিনসের মতে, ‘ডিগার’কে ক্রুজের প্রচলিত বড় বাজেটের ব্লকবাস্টার ছবিগুলোর সঙ্গে একইভাবে দেখা ঠিক হবে না। সিনেমাটি অভিনেতার জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ হিসেবে বিবেচিত হতে পারে।

চলচ্চিত্রটির আরেকটি আলোচিত দিক এর রাজনৈতিক ও পরিবেশগত বক্তব্য। টেকসই নয় এমন জীবনযাপন, ভোক্তাদের নৈতিকতার প্রদর্শন এবং রাজনৈতিক ভণ্ডামির মতো বিষয় নিয়ে ব্যঙ্গ করা হয়েছে এতে। ফলে সিনেমাটির বক্তব্যের সঙ্গে টম ক্রুজ ব্যক্তিগতভাবে কতটা একমত, সেটিও আলোচনায় এসেছে।

হামরাহর মতে, লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো ক্রুজও জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে আগ্রহী হতে পারেন। তবে সিনেমার রাজনৈতিক বক্তব্য এবং অভিনেতার ব্যক্তিগত অবস্থানের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

‘ডিগার’ কি টম ক্রুজকে সেরা অভিনেতার অস্কারের আলোচনায় নিয়ে আসতে পারবে—এ প্রশ্নেরও উত্তর খুঁজছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। শন রবিনসের মতে, সিনেমাটি পুরস্কার মৌসুমের আলোচনায় জায়গা করে নেওয়ার সম্ভাবনা রাখে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!