যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দিল্লিতে উত্তেজনা, বিক্ষোভস্থলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৫:০৫ PM

১২
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দিল্লিতে উত্তেজনা, বিক্ষোভস্থলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভস্থলে সংঘর্ষের জেরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভস্থলে প্রথমে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে পাথর কারা নিক্ষেপ করেছে বা তা বিক্ষোভকারীদের পক্ষ থেকে হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

পাথর নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে বিক্ষোভস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এর আগে শনিবার দুপুরের আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। এ খবর ছড়িয়ে পড়ার পর যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধি দল এর আগে স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে। ওই বৈঠকে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আল্টিমেটাম দেয়।

শনিবারও সরকারের সঙ্গে সিজেপির আরেক দফা বৈঠক হওয়ার কথা ছিল। তবে দলটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় অংশ নেবে না। এর কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে।

ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগপত্রে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নৈতিক দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় পৌঁছেছেন। পরিস্থিতি শান্ত করতে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে আলোচনার চেষ্টা চলছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!