যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান, ‘শত্রুর পরিকল্পনা বুঝে মোকাবিলা করতে হবে’: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:১০ PM ৩৮
মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান, ‘শত্রুর পরিকল্পনা বুঝে মোকাবিলা করতে হবে’: খামেনি

মুসলিম বিশ্বের বিভেদকে শত্রুপক্ষ নিজেদের স্বার্থে কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করে তাদের দুর্বল করে দেওয়াই শত্রুপক্ষের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এ পরিস্থিতিতে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করার পাশাপাশি শত্রুপক্ষের পরিকল্পনা চিহ্নিত করে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানসহ বিভিন্ন মুসলিম দেশের অভ্যন্তরীণ বৈচিত্র্যকে দ্বন্দ্বে রূপ দেওয়ার মাধ্যমে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে চায় প্রতিপক্ষ।

তিনি বলেন, মুসলিম সমাজের মধ্যে বিভাজন যত বাড়বে, তাদের সম্মিলিত শক্তিও তত দুর্বল হবে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হতে পারে। তাই মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করে এমন কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্ব তুলে ধরে খামেনি ফিলিস্তিন পরিস্থিতির প্রসঙ্গও উল্লেখ করেন। তার প্রশ্ন, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় অবস্থার মুখোমুখি হতো? একইভাবে ফার্স উপসাগরীয় দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে দূরবর্তী কোনো শক্তি তাদের সম্পদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর সাহস করত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতা প্রকৃত প্রতিপক্ষকে চিহ্নিত করার আহ্বান জানান। পাশাপাশি তাদের কৌশল ও পরিকল্পনা বুঝে সম্মিলিতভাবে মোকাবিলা করার ওপর গুরুত্ব দেন তিনি।

খামেনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা এবং জায়নবাদী শাসনকে মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব শক্তি শুধু ইরান বা প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য হুমকি নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম জনগোষ্ঠীর জন্যও তারা বড় ধরনের হুমকি তৈরি করছে।

বিবৃতিতে তিনি মুসলিম বিশ্বের পারস্পরিক বিভেদ কমিয়ে অভিন্ন স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন। তার মতে, নিজেদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বিভক্ত না হয়ে মুসলিম দেশগুলোর উচিত বৃহত্তর স্বার্থ ও নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া।

মোজতবা খামেনি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!