যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ ও হরমুজ ইস্যুতে মোদির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৩ PM | সর্বশেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৪ PM ৮২
যুদ্ধ ও হরমুজ ইস্যুতে মোদির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক

নরেন্দ্র মোদি ও মাসউদ পেজেশকিয়ান। ছবি : এএফপি

যুদ্ধ, হরমুজ প্রণালি ও চাবাহার বন্দরের সহযোগিতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বৈঠক হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠকে বসেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কিছু পক্ষের বিরুদ্ধে ইরানের সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখার আগ্রহের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, ইরান যুদ্ধ চায় না এবং চলমান সমস্যার সমাধানে সংলাপ ও সহযোগিতার পথেই এগোতে আগ্রহী।

ইরানের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করেনি। তাঁর মতে, যুদ্ধ চালিয়ে যাওয়া কোনো পক্ষের স্বার্থেই নয়।

বৈঠকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি চাবাহার বন্দরে ভারত ও ইরানের যৌথ সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করেন দুই নেতা।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চাবাহার বন্দরের একটি টার্মিনাল উন্নয়নে ভারত অন্তত ১২ কোটি ডলার বিনিয়োগ করেছে। এই প্রকল্পের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির মেয়াদ রোববার শেষ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চাবাহার ভারতের জন্য ইরানের মাধ্যমে মধ্য এশিয়া ও আশপাশের অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হিসেবে বিবেচিত হয়ে আসছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের প্রেক্ষাপটে মোদি-পেজেশকিয়ান বৈঠকটি অনুষ্ঠিত হলো। বৈঠকে পেজেশকিয়ান ইরানের অবস্থান তুলে ধরে বলেন, তেহরান যুদ্ধকে সমর্থন করে না।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধানের আগ্রহের কথাও জানিয়েছেন।

সূত্র : আল জাজিরা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!