যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মার্কিন রণতরী থাইল্যান্ডে, যৌন শোষণ ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ PM | সর্বশেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ PM ৮৮
মার্কিন রণতরী থাইল্যান্ডে, যৌন শোষণ ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান

ছবি : রয়টার্স

দীর্ঘ সামরিক মোতায়েন ও সমুদ্রযাত্রা শেষে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ার কাছে আসছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। প্রায় ৫ হাজার মার্কিন নৌসেনা ও মেরিন সদস্যের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অর্থনৈতিক প্রত্যাশা তৈরি হলেও সম্ভাব্য যৌন শোষণ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে আগাম সতর্ক অবস্থান নিয়েছে থাই প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুটি সহযোগী যুদ্ধজাহাজসহ ‘আব্রাহাম লিংকন’-এর নিকটবর্তী লায়েম চাবাং বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। রণতরীর সদস্যদের পাতায়া সফরকে কেন্দ্র করে শহরের সৈকত ও নাইটলাইফ এলাকাগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সপ্তাহান্তে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন যৌন ব্যবসার সঙ্গে যুক্ত ৪০ থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। পাতায়া পুলিশ প্রধান আনেক শ্রাথোংইউ বলেন, প্রকাশ্যে পরিচালিত এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা কঠিন হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে।

থাইল্যান্ডে যৌন ব্যবসা আইনত নিষিদ্ধ। তবে পাতায়া ও ব্যাংককের মতো পর্যটনকেন্দ্রে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড প্রকাশ্যেই চলে আসছে।

‘ইউএসএস আব্রাহাম লিংকন’ গত বছরের নভেম্বরে সান ডিয়েগো থেকে যাত্রা করে। ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে রণতরীটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে জাহাজটির সদস্যদের ওপর মানসিক চাপ তৈরি হওয়ার বিষয়টিও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

মার্কিন সেনাদের আগমনকে ঘিরে পাতায়ার ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন অর্থনৈতিক সুবিধার আশা করছে। শহরের মেয়র পোরামাসে এনগামপিচেসের ভাষ্য অনুযায়ী, একজন মার্কিন সেনা প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ৩ হাজার থাই বাথ ব্যয় করতে পারেন। ফলে রেস্তোরাঁ, দোকান, বিনোদন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায় স্বল্পমেয়াদে বাড়তি আয় হতে পারে।

তবে বিপুলসংখ্যক বিদেশি সেনার আগমনকে কেন্দ্র করে জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। ব্যাংকক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পিপাতপং ফাকফারে মনে করেন, একসঙ্গে অনেক দর্শনার্থী এলে যৌন শোষণ ও যৌনবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে।

সব মিলিয়ে, মার্কিন রণতরীর সফর পাতায়ার পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে সম্ভাব্য ইতিবাচক প্রভাব ফেললেও আইনশৃঙ্খলা ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় থাই কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!