যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ ২০-এর বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ PM | সর্বশেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ PM ৫৪
গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ ২০-এর বেশি

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)। তবে দুর্গম এলাকায় যোগাযোগ ও উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

শনিবার স্থানীয় সময় দুপুরে ভারি বৃষ্টির পর ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‌্যাঞ্চের আশপাশে হড়পা বান শুরু হয়। পাহাড়ি ঢলের সঙ্গে কাদা, পাথর ও বিভিন্ন ধ্বংসাবশেষ নেমে এসে ক্যানিয়নের ট্রেইল, সেতু এবং বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে।

এনপিএস জানিয়েছে, ক্যানিয়নের তলদেশে উদ্ধার অভিযান চালিয়ে দুটি মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে রোববার ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

বন্যার পর দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। রোববার সকাল পর্যন্ত ফ্যান্টম র‌্যাঞ্চ ও আশপাশের ট্রেইল এলাকা থেকে ৬২ জনের বেশি হাইকারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যায় ক্যানিয়নের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ ব্যবস্থা ‘ট্রান্সক্যানিয়ন ওয়াটারলাইন’ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পার্কে বিশুদ্ধ পানির মজুত কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে পানি ব্যবহারে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

আবহাওয়ার পূর্বাভাসেও স্বস্তির খবর নেই। সামনে আরও বজ্রঝড় ও ভারি বৃষ্টির আশঙ্কা থাকায় পার্কের জনপ্রিয় সাউথ রিম এলাকা দিনে খোলা রাখলেও রাতে সেখানকার আবাসিক সুবিধা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্যার সময় গ্র্যান্ড ক্যানিয়নে থাকা পর্যটক ডেভিড গ্রেগরি জানান, পার্ক রেঞ্জারের সতর্কবার্তা পেয়ে তারা দ্রুত একটি পায়ে হাঁটার সেতু পার হয়ে অপেক্ষাকৃত উঁচু স্থানে চলে যান। তাদের সেতু পার হওয়ার প্রায় ১০ মিনিট পরই সেটি পানির স্রোতে ভেসে যায়।

আকস্মিক বন্যার সময় সেখানে থাকা পর্যটকদের মধ্যে অ্যারিজোনা থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেভিড শোয়াইকার্টও ছিলেন। বন্ধুদের সঙ্গে রাফটিংয়ের সময় হঠাৎ পানির প্রবল স্রোত নেমে আসতে দেখেন তিনি। পরে তারা উঁচু এলাকায় উঠে নিরাপদে অবস্থান নেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ গ্র্যান্ড ক্যানিয়ন। প্রতিবছর লাখ লাখ পর্যটক এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সেখানে যান। সর্বশেষ বছরে প্রায় ৪৪ লাখ মানুষ জাতীয় উদ্যানটি পরিদর্শন করেছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!