সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনার প্রতীকী ছবি।
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে দুর্ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশ দুর্ঘটনার খবর পায়। সুস ও জেরনেজ পৌরসভার মধ্যবর্তী এলাকায় বাসটি দুর্ঘটনার শিকার হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে একাধিক জরুরি সেবাদানকারী দল পাঠানো হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় পুলিশ জানায়, দুর্ঘটনায় ‘বেশ কয়েকজন’ নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত বাসটি নেদারল্যান্ডসের একটি পর্যটন সংস্থার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডাচ ভ্রমণশিল্পের সহযোগী সংগঠন এএনভিআরের এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যাত্রীদের বেশিরভাগই নেদারল্যান্ডসের নাগরিক। পর্যটক দলটি সোমবার তাদের যাত্রা শুরু করেছিল। তবে তারা কোথা থেকে রওনা হয়েছিল এবং তাদের নির্ধারিত গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে সুইস কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।
দুর্ঘটনার পর যাত্রীদের স্বজন এবং সংশ্লিষ্ট কনস্যুলেটগুলোর সঙ্গে যোগাযোগের জন্য একটি হটলাইন চালু করেছে সুইস কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে।
সুইজারল্যান্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!