যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানে হামলা হলে পাকিস্তানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ PM ৩৫
আফগানিস্তানে হামলা হলে পাকিস্তানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ; ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সামরিক অভিযান চালানো হলে পাকিস্তানকে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে তালেবান প্রশাসন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান ভূখণ্ডে পাকিস্তান কোনো ধরনের হামলা চালালে আত্মরক্ষার অধিকার অনুযায়ী কাবুল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সেই প্রতিক্রিয়া কঠোর হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ কোনো সশস্ত্র গোষ্ঠীকে দেয় না তালেবান প্রশাসন।

এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি সামরিক বাহিনীর একজন মুখপাত্র অভিযোগ করেন, আফগান ভূখণ্ডে উগ্রবাদীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে ঘিরে অভিযোগ তোলে ইসলামাবাদ।

জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, টিটিপিসহ কোনো সংগঠনকে অন্য দেশের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার জন্য আফগান ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয় না। তার ভাষ্য অনুযায়ী, টিটিপি ও বালুচ গোষ্ঠীগুলোর সহিংসতা তালেবান ক্ষমতায় আসার আগেও ছিল। তাই পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যার দায় আফগানিস্তানের ওপর না চাপিয়ে ইসলামাবাদকে নিজেদের উদ্যোগে তা মোকাবিলা করা উচিত।

তবে সামরিক উত্তেজনার পাশাপাশি আলোচনার পথও খোলা রাখার কথা জানিয়েছেন তালেবান মুখপাত্র। তিনি পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ কমাতে সৌদি আরবের ভূমিকার প্রতিও আহ্বান জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ। দুই দেশের মধ্যে বিদ্যমান সংকট নিরসনে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সৌদি আরবকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

জাবিহুল্লাহ মুজাহিদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!