যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

সমঝোতা হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ PM ৩৩
সমঝোতা হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলতে চায় ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে এক সপ্তাহের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এ বিষয়ে কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাগচি বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যে প্রণালীটি পুনরায় খুলে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের হাতে।

আরাগচির ভাষ্য অনুযায়ী, ইরান কোনো চাপ, হুমকি বা ভয় দেখানোর মাধ্যমে সমঝোতায় যেতে রাজি নয়। একই সঙ্গে তিনি দেশের সার্বভৌম অধিকার নিয়ে আপস না করার অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র যদি সমঝোতায় পৌঁছানো এবং হরমুজ পুনরায় চালুর বিষয়ে আন্তরিক হয়, তাহলে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আরাগচির বৈঠক হয়েছিল। ওই আলোচনার পাশাপাশি যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ চালুর বিষয়ে তেহরানের শর্তগুলোও সামনে আসে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবিত পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে সাত দিনের জন্য যুদ্ধবিরতির বিষয়টি রয়েছে। এর আওতায় লেবাননও থাকার কথা। পাশাপাশি ইরান বিদেশে আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়, দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ বন্ধের দাবি জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পন্ন হওয়ার পর সপ্তম দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় চালু করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের মুখপাত্র হোসেইন মোহেবি এর আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইয়েমেনে চলমান সংঘাতের অবসানও তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে।

এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল। যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর লক্ষ্য ছিল ওই সমঝোতার। পরে সেটি ভেঙে যায়।

পরবর্তী সময়ে হরমুজ প্রণালীতে কয়েকটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। ইরানের দাবি ছিল, এসব জাহাজ প্রণালীর জন্য নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিল। তেহরান নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণ দেখিয়ে প্রণালী দিয়ে চলাচলের আগে জাহাজগুলোর অনুমতির প্রয়োজনীয়তার কথা বলে আসছে।

এদিকে ইরানের সাত দিনের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও প্রতিবেদন প্রকাশ হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানোর কথা বললেও পরবর্তী সময়ে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!