যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

তরঙ্গ শক্তি মহড়ায় প্রথমবার মার্কিন এফ-৩৫, ভারতে ২০০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ PM ৪৪
তরঙ্গ শক্তি মহড়ায় প্রথমবার মার্কিন এফ-৩৫, ভারতে ২০০ সেনা

যোধপুর বিমান ঘাঁটিতে তরঙ্গ শক্তি মহড়ায় অংশ নিতে এসেছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

রাজস্থানের যোধপুরে শুরু হওয়া ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান ও দুই শতাধিক বিমানসেনা ভারতে পৌঁছেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

সার্জিও গোরের ভাষ্য অনুযায়ী, মার্কিন বিমানসেনাদের একটি দল ইতোমধ্যে যোধপুরে পৌঁছেছে। তাদের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সরাসরি অংশ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ফলে মহড়ায় প্রথমবারের মতো এফ-৩৫ যুদ্ধবিমানের অংশগ্রহণও হতে যাচ্ছে।

ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত ‘তরঙ্গ শক্তি’ একটি বহুজাতিক বার্ষিক বিমান মহড়া। ২০২৪ সালে প্রথমবার এই আয়োজন করা হয়েছিল। পরের বছর মহড়াটি অনুষ্ঠিত না হওয়ায় ২০২৬ সালে এর দ্বিতীয় আসর বসেছে।

শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হয়েছে এবারের মহড়া। নির্ধারিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর পর্যন্ত এটি চলবে। এতে যুক্তরাষ্ট্রসহ মোট ৪০টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশের বিমান বাহিনীও একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে মহড়ায় অংশগ্রহণ করছে।

এবারের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় বিভিন্ন দেশের আধুনিক যুদ্ধবিমান অংশ নেওয়ায় আন্তর্জাতিক সামরিক মহলে এর গুরুত্ব রয়েছে। মার্কিন এফ-৩৫-এর পাশাপাশি ফ্রান্সের রাফাল, ভারতের তেজস এবং সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানও এতে অংশ নিচ্ছে।

এফ-৩৫ লাইটনিং-২ স্টেলথ প্রযুক্তিনির্ভর পঞ্চম প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও আদান-প্রদানের মাধ্যমে বিমানটি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ ও সাইবার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!